গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংবাদিক হলেও ব্যবস্থা: প্রতিমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস বা আইনবিরোধী কাজে জড়িত থাকলে সাংবাদিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা থাকলেও দেশের প্রচলিত আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কেউ যদি গণতন্ত্রবিরোধী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকে, তবে সে সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী বা অন্য যেই হোক আইনের ঊর্ধ্বে নয়।

আজ রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। এ সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের অতীত কর্মকাণ্ড ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন।

প্রতিমন্ত্রী জবাবে বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ছাড় নেই।

অন্য এক সংসদ সদস্য অনলাইন জুয়া ও সাইবার অপরাধ তদন্তে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তিনি জানান, অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের স্বীকৃতি, নিবন্ধন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক পরিচয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে একটি টিম কাজ করছে এবং নিবন্ধনবিহীনভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে।

অনলাইন পোর্টালের অনুমোদন প্রসঙ্গে তিনি জানান, নতুন অনলাইন মিডিয়া ও পোর্টালের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যা ভবিষ্যতে অনুমোদন প্রক্রিয়ার ভিত্তি হবে।

সর্বশেষ খবর